Sunday, March 30, 2025

রাজার ভুঁড়ি

 বিচার চাই গো বিচার চাই 

রাজা বললো হেঁকে 

"আমার প্রজা মরছে কেন 

কোন অজানা  শোকে ? "


আমিই রাজা আমিই সব 

তবু প্রজা যাচ্ছে মারা।

বুঝতে আমি পারছি নাকো 

সুখ যেখানে ভরা। 


সঠিক কথা রাজা মশাই 

মড়ক এলো দেশে।

টাকার থলি সবই শেষ 

রোগ সারবে কিসে? 


হঠাৎ করে আকাশ থেকে 

নামলো সাদা পরী।

বললো "রাজার কেন 

মস্ত বড় ভুঁড়ি?"


ভুঁড়ির মধ্যে সব গিয়েছে

হীরে মানিক সোনা। 

টাকার কথা নাইবা বলি

শেষ হবেনা গোনা। 


প্রজার আরো করলে সেবা 

সবাই যাবে বেঁচে ।

রাজ্য জুড়ে বইবে খুশি 

উঠবে তারা নেচে।


বিচার কর নিজের আগে 

দেশের তুমি রাজা।

প্রজার হাতে তোমার বাঁচা 

তোমার যত মজা। 


ডাক্তার কাজল কুমার বক্সী 

বগুলা, নদীয়া পশ্চিম বঙ্গ 

২৯/৩/২৫















Saturday, March 22, 2025

শিব ঠাকুরের ঘর

বাড়ির পাশে চূর্ণী নদী 
আপন মনে বয়। 
দুই পারেতে সবুজ সারি 
সুখের কথা কয়। 

মেঘের ছবি জড়িয়ে বুকে
জল করেছে কালো। 
হাঁসের দলে সাঁতার কাটে 
শীত জড়ানো আলো। 

হাজার ঘাটে হাজার কথা 
নানা রকম কাজ। 
দুঃখের কথা কইতে মানা 
নামলে পরে সাঁঝ।

বাপ সোহাগী মেয়ের কথা 
তোমায় বলি শোনো। 
সোনার বালা খুঁজতে গিয়ে 
ঠাকুর খুঁজে পেলো। 

নদীর পাড়ে উলুর ধ্বনি 
রাখে ফুলের ডালা।
এক নিমেষে উঠলো গড়ে 
শিব ঠাকুরের চালা। 

কাঁচা হলুদ মাখলো গায়ে 
মেয়ের হলো বিয়ে।
আকাশ জুড়ে উড়তে থাকে 
সবুজ পাখি  টিয়ে ।

নতুন বউ নদীর মেয়ে 
কান্না ভেজা চোখে, 
বালু চরায় দাঁড়িয়ে পড়ে 
কেবল নদী দেখে ‌।


ঘাট পেরিয়ে  চললো মেয়ে 
সঙ্গে নিয়ে বর। 
নদীর পাড়ে রইল পড়ে 
শিব ঠাকুরের ঘর। 

ডাক্তার কাজল কুমার বক্সী 
বগুড়া, নদীয়া পশ্চিম বঙ্গ 
২৩/৩/২০২৫






 

Wednesday, March 5, 2025

পলাশ

 পলাশ ফুটেছে বেদম বটে ,

তুই যাবি কিনা বল? 

সকল গাছের নীচে নীচে 

দেখছি মেয়ে মরদের ঢল। 


ফুল কুড়ায়ে তারা মাথায় দিচ্ছে, 

গলায় পরছে পলাশ মালা।

মিচকি মিচকি হাসছে দ্যাখো 

বন-বাদাড়ে খাচ্ছে দোলা।


তাড়াতাড়ি আয়না চলে 

তোকেও দিব রাঙ্গা ফুল। 

শাড়ি পেতে বসবো দুজন 

পরাই দিব কানের দুল।


লাল লেগেছে বনে বনে 

আনছে খুশি মনে। 

বাঁশি খানা বাজাই তবে 

মরদ নিবি চিনে।

ডাক্তার কাজল কুমার বক্সী 

বগুলা, নদীয়া পশ্চিম বঙ্গ 

৫/৩/২০২৫




 

তোমার কাছে

🎕🎕  তোমার কাছে বসবো নাতো আর, এই কথাটাই বলছি বারং বার। আমের মুকুল যতই পড়ুক ঝরে-- যতই হানো কঠিন তিরস্কার।              তোমার কাছে বসবো নাতো ...